
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের ফলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। এর ফলে আইনশৃঙ্খলাবাহিনী প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩ দশমিক ৭ মিলিয়ন ডলারের ডিজিটাল মুদ্রা শনাক্ত ও উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায় মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, দুই দেশের অংশীদারিত্বের মাধ্যমে সাইবার অপরাধ থেকে উভয় দেশের নাগরিকদের সুরক্ষা আরও জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা, পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন কোম্পানি ওকেএক্সের সহযোগিতায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩ দশমিক ৭ মিলিয়ন ডলারের ডিজিটাল মুদ্রা শনাক্ত ও উদ্ধার করে।