
রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো শ্রমিক বা তাদের পরিবারের সদস্যের যদি কর্মসংস্থানের সংকটে থাকে তাহলে অগ্রাধিকার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সাভারের রানা প্লাজা ধসের ১৩তম বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু এ ঘোষণা দেন।
মাহমুদ হাসানের নেতৃত্বে গতকাল সংগঠনের পরিচালনা পর্ষদ রাজধানীর জুরাইন কবরস্থানে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম ও মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক নাফিস-উদণ্ডদৌলা ও মোহাম্মদ সোহেলসহ সাধারণ সদস্য এবং সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘রানা প্লাজা ধসের দিনটি আমাদের শিল্পের ইতিহাসে একটি অত্যন্ত শোকাবহ দিন। আইএলওসহ (আন্তর্জাতিক শ্রম সংস্থা) সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতায় আমরা শুরু থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকেছি এবং এখনো আমাদের সাধ্যমতো তাদের সহায়তা করে যাচ্ছি।’
তিনি ঘোষণা দেন, রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো শ্রমিক বা তাদের পরিবারের সদস্য যদি কর্মসংস্থানের সংকটে থাকেন, তবে বিজিএমইএ অগ্রাধিকার ভিত্তিতে তাদের চাকরির ব্যবস্থা করবে। একই সঙ্গে তিনি আহ্বান জানিয়ে বলেন, রানা প্লাজা ধসের মতো একটি মানবিক ট্র্যাজেডিকে কেউ যেন সংকীর্ণ বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার না করেন।