
গতকাল সোমবার ডাম ফাউন্ডেশন ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) বরগুনা সদর উপজেলায় জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ আবাসন নিশ্চিত করতে ৫৩টি জলবায়ু সহনশীল ঘর আরএইচএল প্রকল্পের উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপকূলীয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে RHL (Resilient House and Livelihood) প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল ঘর হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠান বরগুনা সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিজিএম (অপারেশন) মো. আব্দুর রহিম, ডিএফইডির আরএইচএল প্রকল্পের ফোকান পার্সন ও কৃষি সেক্টরের কো-অর্ডিনেটর কৃষিবিদ মো. নিয়ামুল কবীর। ডিএফইডির বরিশাল জোনের জোনাল ম্যানেজার মো. মহসিন হোসেনসহ আরও উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী, টেকনিক্যাল অফিসার, প্রেস প্রতিনিধি, বরগুনা সদরের ব্রাঞ্চ ম্যানেজার, চেয়ারম্যান, প্রতিনিধি, প্রকল্প স্টাফবৃন্দ এবং সংশ্লিষ্ট উপকারভোগীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএফইডির প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার সাহিদুল কবীর। প্রধান অতিথির বক্তব্যে মো. শাহ আজিজ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা দরিদ্র জনগোষ্ঠীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। এ ধরনের জলবায়ু পরিবর্তন সহনশীল ঘর নির্মাণের উদ্যোগ মানুষের নিরাপদ বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার এ ধরনের উদ্যোগ টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন মো. মহসিন হোসেন। এরপর কৃষিবিদ মো. নিয়ামুল কবীর প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে বলেন, প্রকল্পের আওতায় ডিএফইডি বরগুনা জেলার সদর উপজেলার ৮টি ইউনিয়নে (নলটোনা, এম. বালিয়াতলী, ঢলুয়া, বুড়িরচর, কেওড়াবুনিয়া, ফুলঝুড়ি, আইলা পাতাকাটা, বদরখালী) ২৬৬৬ জন জলবায়ু ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে কাজ করছে। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান। ডিএফইডি ‘Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL) Project’ প্রকল্পটি পল্লী কর্মণ্ডসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও Green Climate Fund(GCF)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বরগুনা জেলার বরগুনা সদর উপজেলায় মার্চ ২০২৪ থেকে বাস্তবায়ন করছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি