ঢাকা শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

‘খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির অপব্যবহার করলে কঠোর ব্যবস্থা’

‘খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির অপব্যবহার করলে কঠোর ব্যবস্থা’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে কোনো অনুষ্ঠানে অশ্লীল নৃত্য বা অসামাজিক কার্যক্রম পরিচালনা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন। পোস্টে এমপি মোশারফ হোসেন জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অশ্লীল নৃত্যের ভিডিও তার নজরে এসেছে। বিভিন্ন বৈশাখী মেলা, স্কুলের বিদায় অনুষ্ঠান, জামাই মেলা, শ্রমিক দিবস এবং অন্যান্য সাংস্কৃতিক আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও তার নিজের ছবি সংবলিত পোস্টার ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, যথাযথ অনুমতি নিয়ে মানসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সবার গণতান্ত্রিক অধিকার। তবে কোনোভাবেই অশ্লীলতা বা সমাজবিরোধী কার্যক্রমকে প্রশ্রয় দেওয়া যাবে না। এমপি মোশারফ আরও বলেন, মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয়ের কারণে তরুণ সমাজ ইতোমধ্যেই নানা সংকটে রয়েছে। এর মধ্যে অশ্লীল নৃত্য ও অনুরূপ কার্যক্রম সমাজকে আরও বিপথে ঠেলে দিচ্ছে। বিশেষ করে রাজনৈতিক নেতাদের ছবি ব্যবহার করে এ ধরনের অনুষ্ঠান আয়োজন দল ও নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তিনি সতর্ক করে বলেন, ব্যক্তিস্বার্থে দল বা নেতাদের বিতর্কিত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও এ ধরনের অশ্লীল অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত