
কিউবার ওপর নতুন দফা মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অবৈধ ও নিপীড়নমূলক’ আখ্যা দিয়ে এর কড়া নিন্দা জানিয়েছেন ক্যারিবীয় দ্বীপদেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। এর আগে শুক্রবার এক নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিউবার অর্থনীতি সংশ্লিষ্ট জ্বালানি, প্রতিরক্ষা, আর্থিক সেবা ও নিরাপত্তা খাতের কর্মকর্তা এবং তার ভাষায় ‘মানবাধিকার লঙ্ঘন’ বা দুর্নীতিতে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। সেদিনই হাভানার মার্কিন দূতাবাসের বাইরে আন্তর্জাতিক শ্রমিক দিবস (বিশ্বের অনেক দেশে এটি মে দিবস নামেও পরিচিত) পালনে আসা বিক্ষোভকারীরা কিউবায় তেল সরবরাহে মার্কিন অবরোধের তীব্র প্রতিবাদ জানান। মার্কিন এ অবরোধের কারণে কিউবাজুড়ে তীব্র জ্বালানি সঙ্কট ও লোডশেডিং দেখা যাচ্ছে, জানিয়েছে বিবিসি।