ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

আজ নোঙর ফেলবে এমটি নিনেমিয়া, কাল চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

আজ নোঙর ফেলবে এমটি নিনেমিয়া, কাল চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে আসা ট্যাংকার জাহাজ ???‘এমটি নিনেমিয়া’ আজ বুধবার বেলা ১১টায় কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছাবে। কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষ করে এদিন বিকেলেই ক্রুড লাইটারিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার ইস্টার্ন রিফাইনারির বন্ধ থাকা প্ল্যান্ট পুনরায় চালু করা হবে।

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল বিকেলে তিনি বলেন, ‘এমটি নিনেমিয়া মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জলসীমার ১৬০ নটিক্যাল মাইল দূরে ছিল। জাহাজটি বুধবার বেলা ১১টায় কুতুবদিয়ায় নোঙর করবে। আগে থেকেই লাইটারিংয়ের দুটি জাহাজ কুতুবদিয়া চলে যাবে। অফিসিয়াল আনুষ্ঠানিকতা শেষে বুধবার থেকেই লাইটারিং করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি ৭ মে আমাদের প্ল্যান্ট শুরু করা যাবে।’

তিনি বলেন, ‘ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড নেওয়ার জন্য এমটি ফসিল নামের আরেকটি জাহাজ ফুজাইরার পথে রয়েছে। এটিও ১১ মে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসার কথা রয়েছে।’

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন একমাত্র পেট্রোলিয়াম রিফাইনারি ইআরএল। এতে পরিশোধনে ব্যবহৃত শতভাগ ক্রুড অয়েল আমদানি করতে হয়। বাংলাদেশ জি টু জি পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব ক্রুড আমদানি করে। আমদানি করা ক্রুডের শতভাগ পরিবহন করে সরকারি পতাকাবাহী প্রতিষ্ঠান বিএসসি। এসব ক্রুড পরিবহনের জন্য বর্তমানে আমেরিকান প্রতিষ্ঠান নর্ডিক এনার্জি থেকে চার্টারে জাহাজ ভাড়া নেয় বিএসসি।

মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর বিএসসির চার্টারার প্রতিষ্ঠান আমেরিকান কোম্পানি হওয়ায় মার্চ মাসে দুই লাখ টন ক্রুড পরিবহনে ঝুঁকি তৈরি হয়। এরমধ্যে সৌদি আরবের রাস তানুরা থেকে এক লাখ টন ক্রুড লোড করে হরমুজ প্রণালিতে হামলার আশঙ্কায় গত ৫ এপ্রিল থেকে আটকা পড়ে নর্ডিক পোলাক্স নামের ট্যাংকার জাহাজ। দুই মাস পেরিয়ে গেলেও কখন জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবে তার নিশ্চয়তা এখনো মেলেনি।

পাশাপাশি গত ২২ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের জেবল দানা বন্দর থেকে এক লাখ টন ক্রুড আনার কথা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে সূচি পাল্টে ৩১ মার্চ শিডিউল নির্ধারণ করা হয়। তবে যুদ্ধ এলাকায় মালিকপক্ষের জাহাজ পাঠানোর অনীহার কারণে ‘ওমেরা গ্যালাক্সি’ নামের ট্যাংকার জাহাজটির যাত্রা বাতিল হয়। ফলে ক্রুড অয়েল সংকটে গত ১২ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির মূল প্ল্যান্ট ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পরে সিডিইউনির্ভর অন্য প্ল্যান্টগুলোও বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত