
গতকাল মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা তৎপর রয়েছে। গত সোমবার ভোর ৪টায় একটি দুষ্কৃতিকারী চক্র খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের উপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত সোমবার বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা হতে ডাকাতি চেষ্টায় জড়িত থাকায় দুই জন দুষ্কৃতিকারী রাজন সরদার এবং রতন সরদারকে আটক করা হয়। তারা উভয়ই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি