
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিক ও পুলিশের অংশগ্রহণে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
গতকাল শুক্রবার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সিরাজদিখান থানা পুলিশ একাদশ ও সিরাজদিখান সাংবাদিক একাদশের মধ্যকার এ ম্যাচ অনুষ্ঠিত হয়। মাদককে না বলি, শান্তি-সুখের সমাজ গড়ি স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ খেলায় সাংবাদিক একাদশ জয়লাভ করে। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স উপহার দেন। মাঠে উপস্থিত দর্শকরা করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে খেলাটি উপভোগ করেন। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক সচেতনতার এক ব্যতিক্রমী উদাহরণ।
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিক ও পুলিশের যৌথ এ আয়োজন সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল ও ইমতিয়াজ উদ্দিন বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।