
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও দৈনিক স্বদেশ বিচিত্রার সহ-সম্পাদক শেখ আনোয়ারকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সচেতন সাংবাদিক সমাজ’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৪ মে গভীর রাতে সাংবাদিক শেখ আনোয়ারকে তার নিজ বাসা থেকে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে সেখান থেকে তাকে খালাস দেওয়া হয়। একে ‘ষড়যন্ত্রমূলক ও হয়রানি’ আখ্যায়িত করেছেন সহকর্মী ও সাংবাদিক নেতারা। তারা বলেন, ‘ওয়ারেন্ট ছাড়া গভীর রাতে একজন সংবাদকর্মীকে তুলে নেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। ষড়যন্ত্রমূলক এই গ্রেপ্তারের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ভীতি সঞ্চার করা হচ্ছে।’
মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অবিলম্বে কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
সিনিয়র সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সিনিয়র ফটো সাংবাদিক এম খোকন সিকদার, ডিইউজের সদস্য হুমায়ুন কবির, কবির হোসেন টিটু, তাজউদ্দিন আহমেদ, নুরুল আফসার, রাসেল আহমেদ, বাবুল দাস লালা, জেসমিন জুঁই প্রমুখ।