ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হানিফসহ চারজনের বিরুদ্ধে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, ফের শুনানি আজ

হানিফসহ চারজনের বিরুদ্ধে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, ফের শুনানি আজ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন।

গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। পরবর্তী শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় তাকে সহায়তা করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

প্রথম দিনের যুক্তিতর্কে আসামিদের বক্তব্য, নির্দেশনা ও সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় কুষ্টিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে দাবি করে প্রসিকিউশন। একইসঙ্গে এসব ঘটনা পরিকল্পিত ও সমন্বিত হামলার অংশ বলেও ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। এর আগে, ২৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। এ মামলায় মোট ১৯ জন সাক্ষ্য দিয়েছেন। হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তবে চারজনই পলাতক রয়েছেন। গত বছরের ২ নভেম্বর এ চার আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত