
কানাডার টরেন্টোর পিয়ারসন বিমানবন্দরে মাংস, দুগ্ধজাত পণ্য ও শাকসবজি নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া তিনজন আটক হয়েছেন। না জানিয়ে এসব পণ্য নিয়ে আসায় তাদের ১ হাজার ৩০০ ডলার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় দেড় লাখ টাকার সমান। সংবাদমাধ্যম টরেন্টো সান গত বৃহস্পতিবার জানিয়েছে, তিনটি গোয়েন্দা কুকুর ওই ব্যক্তিদের থেকে এসব পণ্য খুঁজে বের করে। সব মিলিয়ে তাদের কাছে ৪৫ কেজি ওজনের এসব পণ্য ছিল।
কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক পোস্টে জানিয়েছে, ধারলা, ওলগা এবং থিও নামে এ তিনটি কুকুর পণ্যগুলো খুঁজে বের করে।
তবে কবে ওই তিনজনকে আটক করা হয়েছিল সেটি স্পষ্ট না করে সিবিএসএ শুধু বলেছে, এ মাসে বাংলাদেশ থেকে যাওয়া একটি ফ্লাইট থেকে তিন পর্যটকের ব্যাগ থেকে এসব পণ্য জব্দ করা হয়। তারা একটি ছবিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, পণ্যগুলো টেবিলে সাজানো। আর যেসব কুকুর এগুলো খুঁজে বের করেছে। তারা সেগুলোর পাশে বসে আছে।