
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (এফএসএসএস)-এ গতকাল বুধবার তারিখে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে সফলভাবে দুই দিনব্যাপী ‘প্রথম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’ সমাপ্ত হয়েছে। ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা’ শীর্ষক এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট অধ্যাপক ও সংশ্লিষ্ট গবেষকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা, কৌশলগত সংলাপ এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি