
বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ (বদলি) করা হয়েছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সম্প্রতি বরিশাল এবং ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। এছাড়া অনেককে অফিসের নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হতে দেখা যায়।
এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ওই নির্দেশনার আলোকে বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে দু’জন, বন্দর ও পরিবহন বিভাগ এবং হিসাব বিভাগ থেকে একজন করে মোট ১৩ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
বিআইডব্লিউটিসির তিন কর্মকর্তা-কর্মচারীকেও বদলি করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।