ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পল্লবীর কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও পাঁচ সদস্য গ্রেপ্তার : র‌্যাব

পল্লবীর কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও পাঁচ সদস্য গ্রেপ্তার : র‌্যাব

রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে একটি কিশোর গ্যাংয়ের সন্দেহভাজন পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গতকাল সোমবার র‌্যাব-৪-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার রাতে পল্লবীর অ্যাভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) ও শাহা পরান (২৩)। তাঁরা পল্লবীতে সক্রিয় ‘ভইরা-দে গ্রুপের’ সদস্য। রজ্জব ও মেহেদী এই গ্রুপের নেতা আশিকের সহযোগী হিসেবে পরিচিত।

র‌্যাবের ভাষ্য, গ্রুপটির সদস্যরা সম্প্রতি নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার মেহেদীর বিরুদ্ধে পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা আছে। পল্লবী থানার মামলায় আলফাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। আর সোহেলের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা আছে। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব বলছে, এর আগে ৪ জুলাই ও ১৭ জুন পৃথক অভিযানে একই গ্রুপের পাঁচ সদস্য গ্রেপ্তার হন। তারা হলেন পারভেজ, টান আকাশ, শিশির আহম্মেদ ইমন, আবদুল্লাহ ও আল আমিন। সব মিলিয়ে এ পর্যন্ত এই গ্রুপের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত