ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর দারসুল কুরআন ও সাধারণ সভা

ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর দারসুল কুরআন ও সাধারণ সভা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে দারসুল কুরআন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) রাত ৮টায় মন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারী লতিফা আয়শা ওহাবিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ কুরআনিক তাত্ত্বিক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কুরআনের বিভিন্ন সূরার আলোকে জীবনঘনিষ্ঠ, সমসাময়িক ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গুড়া ইউনিয়ন শাখার সভাপতি এবং উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আহাম্মদ হালিম মাজাহার নুর।

দারসুল কুরআন পেশকালে আহাম্মদ হালিম মাজাহার নুর পবিত্র কুরআনের বিভিন্ন সূরার উদ্ধৃতি দিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা মহাবিশ্ব সৃষ্টির সত্যতা ও একটি নির্দিষ্ট সময়সীমার কথা স্পষ্ট করে দিয়েছেন। অথচ সত্যকে অস্বীকারকারীরা আল্লাহর এই সতর্কবাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

তিনি ব্যাখ্যা করে বলেন, আল্লাহকে বাদ দিয়ে মানুষ যাদের ডাকে, তারা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করেনি এবং আসমানসমূহের সৃষ্টিতেও তাদের কোনো অংশীদারিত্ব নেই। ইসলামের এই অকাট্য তাওহীদের বাণী ও পরকালের জবাবদিহিতার চেতনাকে ধারণ করেই একজন মুমিনকে তার জীবনের পথ চলতে হবে।

তিনি আরও বলেন, মানুষের সামনে যখন আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন সত্য প্রত্যাখ্যানকারীরা একে ‘স্পষ্ট জাদু’ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। রাসুলুল্লাহ (সা.)-এর নবুওয়াত নিয়ে কাফিরদের তোলা সংশয়ের জবাবে এই আয়াতেই আল্লাহ স্পষ্ট করেছেন যে, রাসুল (সা.) নিজের মনগড়া কিছু বলেন না; বরং তাঁর প্রতি যে ওহী নাজিল হয়, তিনি কেবল তারই অনুসরণ করেন।

তিনি পরনিন্দুক ও অহংকারীদের বিভ্রান্তিতে কান না দিয়ে ইসলামের চিরন্তন সত্যের পথে অবিচল থাকা এবং যাবতীয় শিরক ও অসত্যের বেড়াজাল ছিন্ন করে আল্লাহর দরবারে আত্মসমর্পণের আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, মন্ডতোষ ইউনিয়ন শাখার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আছগার আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির ডাঃ মাও. মহির উদ্দিন এবং ভাঙ্গুড়া পৌর শাখার নায়েবে আমির মাওলানা মজিবর রহমান।

এ ছাড়া ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ইসলামী সমাজ বিনির্মাণ এবং নৈতিকতার অবক্ষয় রোধে নিয়মিত এ ধরনের দারসুল কুরআনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বশান্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে প্রধান অতিথি দারসুল কুরআন ও সাধারণ সভায় যোগ দিয়ে টুনি পাড়া হযরত আবু বকর জামে মসজিদের উন্নয়নের জন্য ৩ লাখ টাকার একটি চেক মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক ও গ্রামপ্রধানদের হাতে তুলে দেন।

সাধারণ সভা,দারসুল কুরআন,জামায়াতে ইসলামী,ভাঙ্গুড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত