
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ হিসাব গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮০। এরমধ্যে নিশ্চিত হামে ৯৮ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৮২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে ১০৭ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৩৮৫ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৮৭২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৮ হাজার ১৮৪ জনে।
২৪ ঘন্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড : এক দিনের ব্যবধানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৭৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত সোমবারের প্রতিবেদনে ২৪ ঘণ্টায় ৭২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮২৭ জনে।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৯ জন নারী ও ২২ জন পুরুষ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।