
ঢাকায় আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে এরপর বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দেশের অধিকাংশ অঞ্চলেও আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী তিন-চার দিন ঢাকায় হালকা বৃষ্টিপাত হবে। তবে তারপর থেকে ঢাকায় বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে পারে। এদিন গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময়ে গোপালগঞ্জে দেশের সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।