
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল বুধবার থেকে আপিল দায়েরের সময় শুরু হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী আগামী ৪ অক্টোবর পর্যন্ত আপিল দায়ের করা যাবে।
অন্যদিকে আগামী ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। এছাড়া ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার বলেন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে আপিল আবেদনের সময় শুরু হয়েছে। তিনি বলেন, ইসিতে এই আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।