
ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ সংযোগের জন্য এখন অনলাইনে আবেদন করতে পারবেন ক্যান্টনমেন্ট বোর্ডের সেবাগ্রহীতারা। দেশের ১৫টি ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিকসেবা যুক্ত হয়েছে সরকারি সেবার প্ল্যাটফর্ম 'মাইগভ'-এ। এসব সেবার জন্য বোর্ডভেদে মোট ১৮৫টি অনলাইন আবেদন ফরম উন্মুক্ত করা হয়েছে। গতকাল সোমবার বিকালে ভার্চুয়াল অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালক শামীম আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স অধিশাখার যুগ্ম সচিব ও এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক মো. কামরুল হাসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও শিক্ষা) শেখ জাহিদুল ইসলাম, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মো. আব্দুল করিম এবং সাভার ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার শেহেলী লায়লা। এতে অধিদপ্তর ও এটুআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ১৩টি ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের উদ্যোগে সেবাগুলো মাইগভে যুক্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং এটুআইয়ের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
নতুন ব্যবস্থায় সেবাগ্রহীতারা ঘরে বসে আবেদন, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে ফি পরিশোধ এবং কিউআর কোডযুক্ত সনদ সংগ্রহ করতে পারবেন।
আবেদনের অগ্রগতি জানা ও সেবা সম্পর্কে মতামত দেওয়ার সুযোগও থাকছে। কিউআর কোডের মাধ্যমে সংশ্লিষ্ট নথি যাচাই করা যাবে। মাইগভে যুক্ত হওয়া সেবার মধ্যে রয়েছে নাগরিকত্ব, উত্তরাধিকার, চারিত্রিক ও পারিবারিক সনদ; ট্রেড লাইসেন্স; পরিচয়পত্রসংক্রান্ত সেবা; পানি ও বিদ্যুৎ সংযোগ এবং যানবাহনের পাস। এ ছাড়া সড়ক খনন বা রাস্তা কাটার অনুমতি, রিকশা, ভ্যান ও অটোরিকশার লাইসেন্স পোষা প্রাণী পালনের অনুমোদন এবং ডেভেলপার তালিকাভুক্তির সেবাও এর অন্তর্ভুক্ত।