
সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে 'দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড'-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১১ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ থেকে ২১ নভেম্বর এ উৎসব হবে। সংবাদ সম্মেলনে অতিথি ছিলেন ঢাকাস্থ ফরাসি দূতাবাসের মিশন উপ-প্রধান মি. ফ্রেড্রিক ইনজা, দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি সংগীতশিল্পী সুজিত মোস্তফা, ১ম বর্ষপূর্তি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের প্রতিনিধি সংগীতশিল্পী মাহফুজার রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক মি. অলিভিয়ার লোরো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান। তিনি জানান, দেশের তরুণ প্রজন্মের সম্ভাবনাময় শিল্পীদের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম প্রদানের স্বপ্ন নিয়ে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের যাত্রা শুরু হয়েছিল এবং ২০২৫ সালে সংগঠনটি প্রাতিষ্ঠানিক রেজিস্ট্রেশন লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ক্লাবটি তাদের প্রশংসিত নিয়মিত আয়োজন 'শুক্রবার সংগীত সন্ধ্যা'-এর ২০০টিরও বেশি পর্ব সফলভাবে সম্পন্ন করেছে। তিনি আরও জানান, ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবটি তিনটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে—
প্রথমত, ২০ থেকে ৩৫ বছর বয়সী উদীয়মান শিল্পীদের মধ্য থেকে আগামী দিনের সেরা চিত্রশিল্পীদের খুঁজে বের করে প্রতিষ্ঠিত করতে দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দ্বিতীয়ত, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সহযোগিতায় ১১ থেকে ২০ নভেম্বর ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ ও নৃ-গোষ্ঠীর সংগীত উৎসব, যেখানে— বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, লালন, হাসন রাজা, মণিপুরী, চাকমা, মারমা, সাঁওতাল, হাজংসহ বিভিন্ন ঐতিহ্যের সংগীত পরিবেশিত হবে এবং তৃতীয়ত, ২১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি ফরাসি ও বাংলা অপেরার ঐতিহাসিক ফিউশন পরিবেশনা।