
সৌদি আরব বাংলাদেশকে হজ কোটা বৃদ্ধি এবং বাংলাদেশি হাজিদের জন্য আরও সুযোগ-সুবিধা বাড়ানোর নিশ্চয়তা দিয়েছে। জেদ্দায় ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহর মধ্যে গত সোমবার অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই নিশ্চয়তা দেওয়া হয়। গতকাল শনিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের আগে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের মধ্যকার বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৈঠকে সৌদি আরব ইতিবাচক আশ্বাস দিয়ে বলেছে, অন্য কোনো দেশ তাদের জন্য বরাদ্দকৃত হজ কোটা পূরণ করতে ব্যর্থ হলে বা তা পুরোপুরি ব্যবহার করতে না পারলে, সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়া হতে পারে। সৌদি মন্ত্রী জানান, এমন পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের অসাধারণ উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন।