
গরমকালে বাজারে দেখা দেয় বাহারি ফলের মেলা। আম, লিচু, বেদানা, আনারস, তরমুজ- ফলের শেষ নেই। তবে এসব ফলের ভিড়ে এককোণে অবহেলিত হয়ে থাকে জামরুল। আয়োজন করে খুব একটা কেউ খেতে চান না। গাছতলায় অবহেলায় পড়ে থাকে ফলের একটা বড় অংশ। তবে এই ফলটির উপকারিতা জানলে আর অবহেলা করবেন না নিশ্চয়ই। কেন খাবেন জামরুল? ফলটির উপকারিতা কী? চলুন বিস্তারিত জেনে নিই-
কম ক্যালোরি, বেশি পুষ্টি : ওজন কমাতে চেষ্টা করছেন এমন ব্যক্তিদের জন্য জামরুল আদর্শ ফল। কেননা, এতে ক্যালোরির মাত্রা খুবই সামান্য। ১০০ গ্রাম জামরুলে মাত্র ৬০-৬২ কিলোক্যালোরি মেলে। এতে ২২.৩ মাইক্রোগ্রাম ভিটামিন সি থাকে। এছাড়াও জামরুলে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং পটাশিয়াম। এতে থাকা ফাইবার খাবার পরিপাকে সাহায্য করে।
হজম ভালো রাখে : প্রথমত, জামরুল শরীরে পানির জোগান দেয়। দ্বিতীয়ত ফাইবার থাকায় এটি পেট পরিষ্কারেও সাহায্য করে। হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে নিশ্চিন্তে জামরুল খাওয়া যায়।
গ্লাইসেমিক ইনডেক্স কম : যেসব খাবার খেলে রক্তে দ্রুত শর্করার মাত্রা বাড়ে না, সেগুলোর গ্লাইসেমিক ইনডেক্সের নীচের দিকে থাকে। জামরুলের জিআই কম, ফলে এই ফলটি অনায়াসে ডায়াবেটিক এবং প্রি-ডায়াবেটিকেরাও খেতে পারেন।
রোগ প্রতিরোধক : জামরুলে আছে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিড্যান্ট দুটোই। এই ফলের রোগ প্রতিরোধকারী ক্ষমতা যথেষ্ট। অক্সিডেটিভ স্ট্রেস থেকেও শরীরকে বাঁচায় জামরুল।
কীভাবে খাবেন জামরুল : জামরুল এমনিই খাওয়া যায়। তবে স্বাদ বৃদ্ধি করতে চাইলে জামরুল কেটে লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিতে পারেন। যোগ করতে পারেন অল্প কাসুন্দিও।