ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

খিদে না লাগার রোগ

খিদে না লাগার রোগ

অস্ত্রোপচার, ডায়াবেটিস, সংক্রমণসহ বিভিন্ন কারণে পাকস্থলী স্বাভাবিক সময়ের চেয়ে ধীরে খালি হতে পারে। এ অবস্থাকে বলা হয় গ্যাস্ট্রোপ্যারেসিস। খাওয়ার পর পেট ফাঁপা, অস্বস্তি, অল্প খাবারেই পেট ভরে যাওয়ার অনুভূতি— এসব লক্ষণ ইঙ্গিত দিতে পারে যে আপনার পাকস্থলী খাবার, বিশেষ করে শক্ত খাবার, দেরিতে হজম করছে। এর ফলে শরীরে পর্যাপ্ত ক্যালোরি পৌঁছাতে সমস্যা হতে পারে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণেও জটিলতা দেখা দিতে পারে।

কারণ : পেট বা খাদ্যনালির অস্ত্রোপচার, পরিপাকতন্ত্রের রোগ, ভাইরাসজনিত সংক্রমণ, ডায়াবেটিস। তবে সবচেয়ে সাধারণ কারণ হলো ডায়াবেটিস।

যেভাবে সমস্যা হয় : আমাদের শরীরে ভেগাস নার্ভ নামের একটি স্নায়ু পাকস্থলী থেকে খাবার অন্ত্রে পাঠানোর কাজ নিয়ন্ত্রণ করে। এ স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে পাকস্থলী ও অন্ত্রের পেশি ঠিকমতো কাজ করতে পারে না। ফলে খাবার পাকস্থলীতে দীর্ঘ সময় আটকে থাকে।

সম্ভাব্য উপসর্গ : পেট ফাঁপা, পেটে অস্বস্তি বা ব্যথা, অল্প খাবারেই পেট ভরে যাওয়া, বমিভাব, বমি, হজমে ধীরগতি।

করণীয় : অল্প অল্প করে বারবার খান। দিনে ৪-৬ বার ছোট ছোট মিল খান। কম চর্বি ও কম আঁশযুক্ত খাবার বেছে নিন। খাবার ভালোভাবে চিবিয়ে খান। খাওয়ার সময় ও পরে সোজা হয়ে বসুন। খাবারের পর হাঁটুন।

যেসব খাবার এড়িয়ে চলবেন : অ্যালকোহল, ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন, ঝাল ও টক খাবার, ভাজাপোড়া, কোমল পানীয়। খাবার গ্রহণের সময় অতিরিক্ত পানি পান কমান। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।

যখন চিকিৎসকের সঙ্গে কথা বলবেন : খাওয়ার পর পেট ভরা লাগলে, বমিভাব হলে, খাবার হজমে সমস্যা হলে, ওজন কমে গেলে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে। তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত