ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গ ও ডেঙ্গুতে ঝরল আরও ১০ প্রাণ

হামের উপসর্গ ও ডেঙ্গুতে ঝরল আরও ১০ প্রাণ

দেশে গত ২৪ ঘন্টায় হাম, হামের উপসর্গ ও ডেঙ্গু আক্রান্ত হয়ে দশ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে ডেঙ্গুতে সাতজন এবং হামের উপসর্গে তিনজন মারা গেছেন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৪২ জনের প্রাণ গেল। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৪৪০ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত সাত জনের মধ্যে তিন জন পুরুষ ও চার জন নারী। তাদের মধ্যে রয়েছে ঢাকা বিভাগের ৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকার ২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-ডিএসসিসি এলাকার ১ জন, ময়মনসিংহ বিভাগের ১ জন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ডিএনসিসি এলাকার হাসপাতালগুলোতে ২২৩ জন ভর্তি হয়েছেন। ডিএসসিসি এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৩২৩ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১৯ জন। অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৯ জন, চট্টগ্রামে ২৬০ জন, খুলনায় ২৩৩ জন, ময়মনসিংহে ৬৭, রাজশাহী ১৭৬, রংপুরে ৫৯ এবং সিলেটে ১৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ১ হাজার ৩৫ জন শিশুকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন এবং চট্টগ্রামে ২ মারা গেছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়াল ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত