
এক সময় পারিবারিক চাহিদা পূরণে বসতবাড়ির আঙিনায় লাউয়ের চারা লাগানো হতো। লাউ গাছের লতাপাতা ছোট মাচায়, গাছের ডালে, অথবা বসতঘরের চালে উঠিয়ে দেওয়া হতো। এখন লাউয়ের চাহিদা, উৎপাদন খরচ কম ও সময় কম লাগার কারণে বাণিজ্যিকভাবে লাউয়ের চাষ শুরু হয়েছে।
পটুয়াখালীর দশমিনা উপজেলার বড় গোপালদী গ্রামে কৃষিজমিতে মাচা পদ্ধতিতে মার্সাল সুপার জাতের লাউ ও টিয়া সুপার এবং পার্লি প্লাস জাতের করলা চাষ করে সাফল্য অর্জন করেছেন মো. পাবেল হোসেন। লাউ ও করলা চাষে রাসায়নিক সার ও শ্রমিক খরচ অনেক কম ব্যয় হয়। বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। মাটি থেকে মাত্র ৫ ফুট উঁচু করে বাঁশের খুঁটি দিয়ে তৈরি করা হয় মাচা। এটি তার বা সুতালি দিয়ে শক্ত করে বাঁধা হয়। একবার মাচা তৈরি করলে সেখানে তিন থেকে চারবার লাউ ও করলাসহ অন্যান্য সবজিচাষ করা সম্ভব। বিশেষ করে এই উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা মাচা পদ্ধতিতে লাউ ও করলা চাষে ঝুঁকছেন বেশি। উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের তুর কৃষি উদ্যোক্তা মো. পাবেল হোসেন ৩৩ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে লাউ ও করলা চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লাউ ও করলা চাষে সফলতা পেয়েছেন।
সরেজমিন তার লাউ ও করলা খেতে গিয়ে দেখা গেছে মাচায় ঝুলছে লাউ ও করলা। করলা ও লাউ ককসেট ভর্তি করে বাজার জাত করা হচ্ছে। প্রতি ককসেটে ১৪-১৬টি লাউ ও প্রায় ৮-৯ কেজি করলা ভর্তি করা হচ্ছে। বর্তমানে প্রতিদিন ৩-৪টি ককসেট ভর্তি করে বাজারজাত করছেন।
তরুন কৃষি উদ্যোক্তা মো. পাবেল হোসেন জানান, ৩৩ শতাংশ জমিতে মাচায় লাউ, করলা ও শসা চাষ করা হয়েছে। আর ফল আশা পর্যন্ত প্রায় ১৪ হাজার টাকার মতো খরচ হয়েছে। এখন পর্যন্ত আমি লাউ, করলা ও শসা প্রায় ৭০ হাজার টাকা বিক্রি করেছি। আশা করি আরও ৪০ থেকে ৪৫ হাজার টাকার বিক্রি করতে পারব। এবিষয়ে উপ-সহকারী কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, এসএসিপিরেইনস প্রকল্পের মাধ্যমে ভার্মিকম্পোষ্ট সার ব্যবহার ও হলুদ ফাঁদ ব্যবহারে মার্শাল সুপার জাতের লাউ এবং টিয়া সুপার ও পার্লি প্লাস জাতের করলা চাষ করেন পাবেল। তার লাউ ও করলা এবং শসার ব্যাপক ফলন হয়েছে।
এবিষয়ে দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মো. জাফর আহমেদ বলেন, এ উপজেলার অনেক স্থানেই বাণিজ্যিকভাবে মাচা পদ্ধতিতে লাউ ও করলা এবং শসার চাষ শুরু হয়েছে। বিশেষ করে তরুণ কৃষি উদ্যোক্তারা এই চাষে ঝুঁকছেন বেশি। কৃষকদের মাঝে বিনামূল্যে লাউয়ের বীজ ও করলার বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। লাউয়ের নতুন জাত, লাউ গাছের পরিচর্যা ও মাচা তৈরির পদ্ধতির বিষয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।