ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ব্যাটারিচালিত অবৈধ রিকশা তৈরির কারখানা বন্ধের তালিকা হচ্ছে

ব্যাটারিচালিত অবৈধ রিকশা তৈরির কারখানা বন্ধের তালিকা হচ্ছে

রাজধানী ঢাকায় দিন দিন ব্যাটারিচালিত অবৈধ রিকশার সংখ্যা বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন রিকশা যুক্ত হচ্ছে সড়কে। শুধু রাজধানীতেই এ ধরনের রিকশার সংখ্যা লাখ ছাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে সড়কে এসব রিকশার চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ নানা পদক্ষেপ নিলেও কার্যত পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। এবার রাস্তায় রিকশা আটকানোর পাশাপাশি এর উৎপাদন বন্ধের উদ্যোগ নিচ্ছে পুলিশ। এ লক্ষ্যে রাজধানী ও আশপাশের এলাকায় গড়ে ওঠা ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার কারখানাগুলোর তালিকা তৈরির কাজ শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তালিকা প্রস্তুত হলেই এসব কারখানায় অভিযান চালানো হবে। সাভার, কেরানীগঞ্জ ও ডেমরাসহ আশপাশের কয়েকটি এলাকায় বিশেষ অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ এবং একাধিক গোয়েন্দা সংস্থার সূত্র ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানী ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত রিকশার উৎপাদন ও সরবরাহ অব্যাহত থাকায় শুধু সড়কে অভিযান চালিয়ে এর চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ঢাকার বিভিন্ন এলাকায় রিকশা জব্দ, ব্যাটারি খুলে নেওয়া কিংবা প্রবেশমুখে বাধা দিয়েও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না। তাই এবার উৎপাদনের উৎসে নজর দিচ্ছে পুলিশ।

গ্যারেজের আড়ালে বাড়ছে উৎপাদন : রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে এসব যানবাহন রাখার গ্যারেজও। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঢাকায় আড়াই হাজারের বেশি গ্যারেজে এসব রিকশা রাখা হচ্ছে। এসব গ্যারেজের অনেকগুলোতে এখন প্যাডেলচালিত রিকশার পরিবর্তে ব্যাটারিচালিত রিকশার আধিক্য দেখা যাচ্ছে। সহজলভ্যতা, তুলনামূলক কম ভাড়া এবং স্বল্প দূরত্বে যাতায়াতের সুবিধার কারণে সাধারণ মানুষের কাছে এসব রিকশার জনপ্রিয়তা রয়েছে। তবে অনিয়ন্ত্রিত চলাচল, দুর্ঘটনা এবং সড়কে বিশৃঙ্খলা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

প্রতিদিনই ব্যাটারিচালিত রিকশার দুর্ঘটনায় আহত ব্যক্তিরা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসা নিতে আসছেন। এসব দুর্ঘটনায় অনেকে গুরুতর আহত হচ্ছেন, প্রাণহানির ঘটনাও ঘটছে। তারপরও সড়কে এসব রিকশার চলাচল ও উৎপাদন বন্ধ হচ্ছে না। এ পরিস্থিতিতে সচেতন নাগরিকদের মধ্যেও রিকশা নিয়ন্ত্রণের দাবি জোরালো হচ্ছে।

যেসব এলাকায় গড়ে উঠেছে কারখানা : খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশা তৈরির কারখানা। এর মধ্যে সাভার, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, ডেমরা ও লালবাগের বেড়িবাঁধ এলাকায় এসব কারখানার অবস্থান বেশি। এসব কারখানায় দিনরাত চলছে রিকশা তৈরির কাজ। স্থানীয় থানা প্রশাসনের কাছে এসব কারখানার বিষয়ে তথ্য থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এদিকে রাজধানীতে এসব রিকশার প্রবেশ ঠেকাতে গত কয়েক মাস ধরে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পুলিশ। ঢাকার প্রবেশমুখগুলোতে ব্যারিকেড দিয়ে রিকশা চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। কিন্তু চালকরা পুলিশের নজর এড়িয়ে বিভিন্ন সড়ক ও অলিগলিতে প্রবেশ করছেন। বিশেষ করে ডেমরা, গাবতলী ও বসিলা হয়ে প্রতিদিন বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা রাজধানীতে ঢুকছে।

কারখানার তালিকা করবে ডিবি : রাজধানীর মোহাম্মদপুর, গুলশান, লালবাগ ও উত্তরায় দায়িত্ব পালনকারী কয়েকজন ট্রাফিক সদস্য জানান, তারা এসব রিকশা নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে অনেক সময় অসুস্থ যাত্রী পরিবহনের কথা বলে চালকরা রিকশা নিয়ে ঢাকায় প্রবেশের অনুমতি চান। মানবিক বিবেচনায় কিছু ক্ষেত্রে তাদের প্রবেশের সুযোগ দেওয়া হলেও পরে এসব রিকশার আর খোঁজ পাওয়া যায় না।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় রিকশা জব্দ করে তার ছিঁড়ে দেওয়া কিংবা ব্যাটারি খুলে রেখেও স্থায়ী সুফল পাওয়া যাচ্ছে না। কারণ, নতুন রিকশা তৈরি ও সরবরাহ অব্যাহত রয়েছে। সম্প্রতি পুলিশের কয়েকটি ক্রাইম কনফারেন্সেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এবার রিকশা জব্দের পাশাপাশি উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ডিবি সূত্র জানায়, রাজধানীর আশপাশে গড়ে ওঠা কারখানাগুলোর অবস্থান শনাক্তে গোপনে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি কারখানার সন্ধানও পেয়েছেন গোয়েন্দারা। এখন সেগুলোর বিস্তারিত তালিকা প্রস্তুতের কাজ চলছে।

তালিকা তৈরির অংশ হিসেবে কারখানার অবস্থান, মালিকানা, উৎপাদন সক্ষমতা, প্রয়োজনীয় অনুমোদন এবং উৎপাদিত যানবাহনের ধরন সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে। পাশাপাশি কোন কারখানায় কখন কতটি রিকশা তৈরি হয়েছে, কার কাছে সেগুলো বিক্রি করা হয়েছে, ক্রেতাদের নাম, মোবাইল নম্বর ও ঠিকানাও সংগ্রহ করছেন গোয়েন্দারা।

এ বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, 'আমরা এসব ব্যাটারিচালিত অটোরিকশার কারখানার তালিকা করছি। তালিকা তৈরির কাজ চলছে। তালিকা প্রস্তুতের কাজ শেষ হলেই আমরা মাঠে অভিযান শুরু করব।'

ব্যাটারিচালিত রিকশা নিয়ে সরকারের অবস্থান : সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়া হবে না। তবে চারজন পর্যন্ত যাত্রী বহনে সক্ষম নিবন্ধিত ই-রিকশা অভ্যন্তরীণ সড়কে চলাচলের অনুমতি পাবে।

তিনি আরও জানান, ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশাকে নিয়ন্ত্রণের আওতায় আনতে একটি নীতিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই যাচাই-বাছাইয়ের জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রতিমন্ত্রী বলেন, নীতিমালায় ই-রিকশার জন্য সৌরবিদ্যুৎচালিত চার্জিং পয়েন্ট স্থাপনের বিধান রাখা হবে। একই সঙ্গে এসব যানবাহনের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেও নিয়ন্ত্রণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত