
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতা আরও আকর্ষণীয় ও ব্যক্তিগতভাবে সাজিয়ে তুলতে আসছে দারুণ এক নতুন সুবিধা। বিভিন্ন প্রযুক্তি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার মাধ্যমে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটের থিম, ওয়ালপেপার এবং চ্যাট বাবলের রং অন্য ব্যবহারকারীদের সঙ্গেও শেয়ার বা সিঙ্ক করা যাবে। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও খুব শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন এ সুবিধার আওতায় কোনো ব্যবহারকারী নিজের পছন্দের চ্যাট থিম অন্যদের সঙ্গে শেয়ার করলে ওই চ্যাটের অন্য সদস্যরাও ঠিক একই থিম, ওয়ালপেপার এবং বাবল কালার দেখতে পাবেন। তবে পুরো বিষয়টির নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই। কেউ চাইলে থিমটি শুধু নিজের জন্য সীমাবদ্ধ রাখতে পারবেন, আবার চাইলে চ্যাটের বাকিদের সঙ্গে শেয়ার করতে পারবেন। শুধু হোয়াটসঅ্যাপের নির্ধারিত ওয়ালপেপারই নয়, বরং ফোনের ফটো লাইব্রেরি থেকে নিজের পছন্দের যেকোনো ছবি কাস্টম ওয়ালপেপার হিসেবে বেছে নিয়ে সেটিও অন্যদের সঙ্গে সিঙ্ক করার সুযোগ থাকছে।
ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটেও এ সুবিধা পাওয়া যাবে। ফলে একটি গ্রুপের সব সদস্য একই ধরনের চ্যাট ডিজাইন দেখতে পারবেন। তবে কারও যদি শেয়ার করা থিম পছন্দ না হয়, তবে তিনি পরবর্তীতে নিজের মতো করে তা পরিবর্তন করে নিতে পারবেন। চ্যাটে সিঙ্ক করা থিম পরিবর্তন করা হলে একটি সিস্টেম মেসেজের মাধ্যমে কে থিমটি বদলেছেন তাও জানা যাবে। আইওএসের বিটা সংস্করণে টেস্টফ্লাইটের মাধ্যমে ফিচারটি দেখা গেছে এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও পাঁচটি থিম ক্যাটাগরি ও আলাদা ওয়ালপেপারের বিকল্পসহ এটি শিগগিরই আসছে।