ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

শুধু রাষ্ট্রের ওপর নির্ভর করে সব সেবা নিশ্চিত করা সম্ভব নয়

বললেন হোসেন জিল্লুর
শুধু রাষ্ট্রের ওপর নির্ভর করে সব সেবা নিশ্চিত করা সম্ভব নয়

শুধু রাষ্ট্রের ওপর নির্ভর করে নাগরিকদের সব সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য রাষ্ট্রের বাইরের (বেসরকারি প্রতিষ্ঠান বা উদ্যোগ) সেবামূলক প্রতিষ্ঠানগুলোর বিকাশও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বারডেম অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যেভাবে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে এবং দেশের বিভিন্ন স্থানে সেবাপ্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম বিস্তৃত করেছে, তা উন্নয়নশীল দেশগুলোর জন্য শিক্ষণীয়। রাষ্ট্রের বাইরে থেকে কীভাবে একটি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে, বিকেন্দ্রীকৃত পদ্ধতিতে এবং টেকসইভাবে সেবা কার্যক্রম পরিচালনা করতে পারে, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার উদাহরণ।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, এ ধরনের প্রতিষ্ঠান শুধু ডায়াবেটিসের চিকিৎসা ও সেবার ক্ষেত্রেই নয়, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ সমাজের অন্যান্য ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রমকে একটি 'কেস স্টাডি' হিসেবে বিবেচনা করা যেতে পারে।

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, রোগ হওয়ার আগে, রোগ শনাক্ত হওয়ার সময় এবং রোগ হওয়ার পর— প্রতিটি পর্যায়ে সচেতনতা প্রয়োজন। তবে রোগ হওয়ার আগের সচেতনতা বাড়াতে চিকিৎসকদের পাশাপাশি শিক্ষক, স্থানীয় সরকার ও সমাজের অন্য পক্ষগুলোকেও যুক্ত করতে হবে।

স্কুল পর্যায়ে স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম জোরদার করা এবং স্থানীয় সরকারকে এলাকার স্বাস্থ্য পরিস্থিতির প্রতি দায়িত্বশীল করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন এই অর্থনীতিবিদ।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের দূরদর্শী উদ্যোগের প্রশংসা করে হোসেন জিল্লুর রহমান উপদেষ্টা বলেন, ১৯৫৬ সালে যে স্বপ্ন নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছিল, উত্তরসূরিদের হাত ধরে তা বিস্তৃত হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার জন্য আইন করার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের লক্ষ্য শুধু রোগ নিয়ন্ত্রণ নয়; মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। তিনি বলেন, ডায়াবেটিসের লক্ষণ দেখা দেওয়ার অপেক্ষা না করে আগেই পরীক্ষা ও সচেতন হওয়া জরুরি। টাইপ-২ ডায়াবেটিসের শুরুতে সাধারণত কোনো লক্ষণ থাকে না। জটিলতা দেখা দেওয়ার পর চিকিৎসা ব্যয়বহুল হয়ে ওঠে এবং অনেক ক্ষেত্রে সেসব জটিলতা পুরোপুরি আগের অবস্থায় ফেরানো যায় না। তাই 'প্রি-ডায়াবেটিস' পর্যায়েই রোগ শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য ইনসুলিনের প্রাপ্যতাকে মানবাধিকার হিসেবে বিবেচনার দাবি জানিয়ে এ কে আজাদ খান বলেন, ইনসুলিন বেঁচে থাকার জন্য অপরিহার্য হরমোন। টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা পুরোপুরি ইনসুলিনের ওপর নির্ভরশীল। তাই ইনসুলিন নিশ্চিত করা শুধু চিকিৎসার বিষয় নয়, এটি সমাজের দায়িত্ব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত