
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতে পালিয়ে গিয়েও দেশের মানুষকে এখনও কষ্ট দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনা। আওয়ামী লীগ যদি এতই শক্তিশালী হতো, তাহলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না। ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকানোর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। গতকাল শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে। তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা বেঁচে থাকতে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আমরা কোনো আপস করব না।
জামায়াত আমির বলেন, এই জাতি বারবার অপশক্তির দ্বারা নির্যাতিত হয়েছে। কিন্তু প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ এটি ঘটেছে ২০২৪ সালের ৫ আগস্ট। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে নতুন একটি ক্যালেন্ডার তৈরি করে ৩৬ জুলাই বলা হয়েছে। আর কোনো দেশে ৩২, ৩৩, ৩৪, ৩৫ কিংবা ৩৬ তারিখ নেই। এটি শুধু বাংলাদেশে হয়েছে। ১ হাজার ৪০০ যুবক-যুবতীর রক্ত ও জীবনের বিনিময়ে আমরা জুলাই পেয়েছি। এই জুলাই বিশাল আকাঙ্ক্ষা নিয়ে জাতির সামনে এসেছিল। অতীতের পাহাড়সম অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, লুণ্ঠন ও ফ্যাসিবাদের অবসানের দাবি নিয়ে তরুণেরা রাস্তায় নেমেছিল। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা তুলে ধরে জামায়াতের আমির বলেন, যারা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিল, তাদের সবাই সরকারি চাকরি পাওয়ার জন্য আসেনি। সর্বোচ্চ সরকারি চাকরিজীবীর সংখ্যা ২১ লাখ। অথচ ওই সময় আন্দোলনে ছিল চার কোটি তরুণ-যুবক। সবাই কি তাহলে চাকরি পেত? এমনকি অনেক যুবকের লেখাপড়াও শেষ হয়নি, সরকারি চাকরি পাওয়ার বয়সও অতিক্রম হয়ে গেছে। তাদের জিজ্ঞেস করা হয়েছে, তারা কেন আন্দোলনে এসেছেন। তারা বলেছেন, আমি কোটা সংস্কার আন্দোলনে আসিনি, আমি এসেছি রাষ্ট্র সংস্কার আন্দোলনে। আমি পুরো রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন চাই।
তিনি বলেন, সেই আন্দোলনের অন্যতম স্লোগান ছিল জাস্টিস। আমরা সব ক্ষেত্রে ন্যায়বিচার চাই। এটি বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবার অধিকার, চাকরির অধিকার ও ব্যবসার অধিকার। মানুষের যত ধরনের মৌলিক অধিকার আছে, সব ক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র নাগরিকদের সঙ্গে আচরণ করবে, এটি আমরা নিশ্চিত করতে চাই। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারি দল ও বিরোধী দলসহ আমরা সবাই সেই আন্দোলনে ছিলাম। সবাই তখন বলেছিলাম, আমরাও তা চাই। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার ও এগিয়ে যাওয়ার পরিকল্পনা জাতির সামনে পেশ করেছি। বর্তমান সরকারি দলও এর আগে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। তারাও নির্বাচনী ইশতেহারে এসব বিষয় বলেছে।