
দিনের বেলা খাবার বাদ দিলে, পরে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। একসঙ্গে অনেক বেশি খাবার খেলে পাকস্থলী প্রসারিত হয়ে যায়, যা অ্যাসিডিটির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এর পরিবর্তে নিয়মিত ও সুষম খাবার খান এবং অল্প পরিমাণে খাওয়ার অভ্যাস করুন। ধীরে ধীরে খান, খাবার ভালোভাবে চিবিয়ে খান এবং পেট পুরোপুরি ভরে যাওয়ার আগেই খাওয়া থামিয়ে দিন। অর্থাৎ পেট একদম ঠাসাঠাসি করে ভরবেন না।
সমুচা, পাকোড়া, পুরি, ঘন ঝোলের খাবার এবং ডুবো তেলে ভাজা স্ন্যাকস খুবই জনপ্রিয়। তবে 'রিসার্চগেট'-এ প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, উচ্চ চর্বিযুক্ত খাবার পাকস্থলী খালি হওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়, যা অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটির সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
সব ধরনের চর্বিযুক্ত খাবার বাদ দেওয়ার প্রয়োজন নেই, তবে যদি ভাজাভুজি বা ঘন ঝোলের খাবার খেলে আপনার সমস্যা বাড়ে, তবে সেগুলো সীমিত করুন। এর বদলে গ্রিল করা, ভাপানো (স্টিমড) বা হালকা রান্না করা খাবার বেছে নিন।
মসলাদার কারি, চাটনি এবং প্রচুর মশলাযুক্ত স্ন্যাকস অনেকের ক্ষেত্রে বুক জ্বালাপোড়ার কারণ হতে পারে, যদিও মসলা সবার ওপর একইভাবে প্রভাব ফেলে না।
যদি ঝাল বা মসলাদার খাবার খাওয়ার পর বুকে জ্বালাপোড়া অনুভব করেন, তবে খাবারে মরিচ ও কড়া মসলার পরিমাণ কমিয়ে দিন। সব মসলাদার উপাদানই যে অ্যাসিডিটি তৈরি করবে, এমনটা ধরে নেবেন না; বরং আপনার ক্ষেত্রে কোন খাবারগুলো সমস্যা সৃষ্টি করছে তা শনাক্ত করুন এবং সেই অনুযায়ী আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন।
মিষ্টি, কেক, চকোলেট এবং অন্যান্য ভারী ডেজার্ট বেশি পরিমাণে খেলে অস্বস্তি হতে পারে, বিশেষ করে ভারী খাবারের পরপরই এগুলো খেলে সমস্যা আরও বাড়ে। কারো কারো ক্ষেত্রে চকোলেট খেলে রিফ্লাক্স (অম্বল বা বুক জ্বালাপোড়া) শুরু হতে পারে। একবারে অনেকগুলো ডেজার্ট না খেয়ে অল্প পরিমাণে খান এবং দেখুন আপনার শরীর কেমন প্রতিক্রিয়া জানায়। মিষ্টি বা ভারী খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না।