ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পেশাদারত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে

পেশাদারত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ কে সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ধারাবাহিক প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) খুলনা জেলা স্টেডিয়ামে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি নির্বাচনি দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, কঠোর নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। একই সময়ে খুলনা স্টেডিয়ামের এই সমাবেশ হতে যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশে উপস্থিত সদস্যদের ডিজিটাল জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বাহিনী প্রধান সরাসরি দিকনির্দেশনা প্রদান করেন, যা বাহিনীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর প্রস্তুতিকে আরও সুদৃঢ় করেছে।

সমাবেশে মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দেশের নির্বাচনি নিরাপত্তা ব্যবস্থার প্রথম সারির প্রতিরক্ষা স্তর হিসেবে অভিহিত করেন। উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “রাষ্ট্রের কল্যাণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন আনসার-ভিডিপি সদস্য যদি অটল পাহাড়ের ন্যায় যেকোনো বিশৃঙ্খলা ও হুমকি প্রতিহত করতে সক্ষম হন, তবেই জাতির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।”নির্বাচনী নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে মহাপরিচালক জানান, ভোটকেন্দ্রে কোনো অবাঞ্ছিত আচরণ পরিলক্ষিত হলে ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে দায়িত্বরত দুজন সদস্য তাৎক্ষণিকভাবে তথ্য প্রদান করবেন, যাতে সংশ্লিষ্ট টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত