
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র সাইবার ইউনিটের এসআই পরিচয়ে প্রতারণা চক্রের এক সদস্য গ্রেপ্তার। সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের নাম- রিপন মিয়া।
সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। গত বুধবার দিবাগত রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে অপরাধকার্যে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও আটটি সিম কার্ড জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জানুয়ারি একজন ভুক্তভোগী রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তার ব্যবহৃত একটি আইফোন-১৫ মডেলের মোবাইল ফোন হারিয়ে ফেলেন। পরবর্তীতে মোবাইল ফোন উদ্ধারের জন্য তিনি একটি ভুয়া ফেসবুক আইডি’র সঙ্গে যোগাযোগ করেন। উক্ত আইডি থেকে তাকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর প্রদান করা হয়। সেখানে যোগাযোগ করলে প্রতারক নিজেকে সিআইডি’র সাইবার ইউনিটের এসআই ইকবাল হোসেন পরিচয় দিয়ে মোবাইল উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখায়।
এক পর্যায়ে প্রতারক মোবাইল উদ্ধার বাবদ ভিকটিমের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা গ্রহণ করে এবং পরবর্তী পর্যায়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খিলক্ষেত (ডিএমপি) থানায় একটি মামলা করে। একই কৌশল অবলম্বন করে প্রতারক চক্র অন্য এক ভিকটিমের কাছ থেকেও ৭২ হাজার ৭০০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে।