ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিআইডির এসআই পরিচয়ে প্রতারণা চক্রের এক সদস্য রিমান্ডে

সিআইডির এসআই পরিচয়ে প্রতারণা চক্রের এক সদস্য রিমান্ডে

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সাইবার ইউনিটের এসআই পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চক্রের সদস্য রিপন মিয়ার (২৪) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শুক্রবার খিলক্ষেত থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক তারেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত (বৃহস্পতিবার) তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বুধবার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ের একটি বাসা থেকে তাকে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে অপরাধকার্যে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও আটটি সিম কার্ড জব্দ করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, গত ৭ জানুয়ারি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক ভুক্তভোগী নিজের আইফোন-১৫ মডেলের মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। পরবর্তীতে মোবাইল উদ্ধারের জন্য তিনি একটি ভুয়া ফেসবুক আইডি’র সঙ্গে যোগাযোগ করেন। উক্ত আইডি থেকে তাকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়। সেখানে যোগাযোগ করলে প্রতারক নিজেকে সিআইডি’র সাইবার ইউনিটের এসআই ইকবাল হোসেন পরিচয় দিয়ে মোবাইল উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখায়।

একপর্যায়ে প্রতারক মোবাইল উদ্ধার বাবদ ভিকটিমের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা নেয় এবং পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খিলক্ষেত (ডিএমপি) থানায় মামলা করেন। জানা যায়, একই কৌশল অবলম্বন করে প্রতারক চক্রটি আরেক ভিকটিমের কাছ থেকে ৭২ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত