ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান অধ্যাপকের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান অধ্যাপকের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির হাইনরিখ হাইনে ইউনিভার্সিটি ডুসেলডর্ফ (Heinrich Heine Universitat Dusseldorf)-এর ইনঅর্গানিক অ্যান্ড স্ট্রাকচারাল কেমিস্ট্রি বিভাগের সভাপতি অধ্যাপক ড. ক্রিস্টফ অয়নেক (Prof. Dr. Christoph Janiak)।

সাক্ষাৎকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় কেমিস্ট্রি ও ম্যাটেরিয়ালস সায়েন্স বিষয়ে যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, গবেষণার অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় উভয় পক্ষই পরিবেশবান্ধব নতুন উপকরণ উদ্ভাবন, দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদীয়মান বৈজ্ঞানিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ গবেষণার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। তারা উল্লেখ করেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষমতা অর্জন সম্ভব। উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে অধ্যাপক ড. ক্রিস্টফ অয়নেক দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত