
কুমিল্লায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি গাড়িই পুড়ে গেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রয়েল পরিবহনের তিনটি বাস টার্মিনালে রাখা ছিল। দুপুর দেড়টার দিকে বাস তিনটিতে বসে বখাটেরা মাদক সেবন করছিল। এ সময় তাদের সঙ্গে থাকা লাইটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দৃশ্যমান হওয়ার সঙ্গে সঙ্গে তারা দৌড়ে পালিয়ে যান। এ সময় তাদের ধাওয়া করেও আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি বাসই পুড়ে যায়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঠিক কী কারণে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তবে এ বিষয়ে তদন্ত ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।