ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে : আইজিপি

শিক্ষার্থীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক মো. আলী হোসেন ফকির বলেছেন, জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন, তোমাদেরকে আইন জানা এবং আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্স সেমিনার হলে সমিতি আয়োজিত ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ কথা বলেন।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) ড. এম আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন সমিতির সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) ইয়াসমিন গফুর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. আবুল হোসেন এবং রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. ফারুক হোসেন।

এ সময় সমিতির সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) মো. আব্দুর রহমান খান ও সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) মো. মোখলেছুর রহমান, সমিতির সদস্যগণ, শিক্ষকরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রত্যেক জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা ঘোষণা করা হয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আইজিপি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি, তাদের জন্য আয় বৃদ্ধিমূলক উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত