
ব্যবসায়িক কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতি-স্বরূপ ব্যবসায়িক অংশীদারদের পুরস্কৃত করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। গতকাল শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৪ জন শীর্ষ ব্যবসায়িক অংশীদারকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন। ২০২৫ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরুর এক বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের ফিড শিল্পে এক অভূতপূর্ব নজির স্থাপন করেছে।
গবাদিপশু, পোলট্রি ও মৎস্য- এই তিনটি খাতে মোট ৬৭টি পণ্য নিয়ে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম পরিচালনা করছে। অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন বলেন, ‘আমাদের ব্যবসায়িক অংশীদারদের অক্লান্ত পরিশ্রম ও বিশ্বাস আকিজ এগ্রো ফিডকে এই স্বল্প সময়ের মধ্যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই পুরস্কার তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও স্বীকৃতির প্রতীক।’ আকিজ এগ্রো ফিড লিমিটেডের সিইও এটিএম হাবিব উল্লাহ বলেন, ‘আমাদের আগামীর লক্ষ্য- দেশের খামারি সমাজকে স্বাবলম্বী করা, উৎপাদনে নতুন মাত্রা যোগ করা এবং আকিজ এগ্রো ফিডকে লাইভস্টক শিল্পে একটি বিশ্বস্ত নাম হিসেবে তুলে ধরা। সেই সঙ্গে আমাদের ব্যবসায়িক অংশীদারদেরও নিজ নিজ ব্যবসার ধারাবাহিকতা ও উৎকর্ষ বজায় রাখতে অনুপ্রাণিত করা।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি