
ঢাকার মোহাম্মদপুর এলাকায় ‘আধিপত্যের বিরোধে’ কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা মামলায় ৬ জনের চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ুশ, তুহিন বিশ্বাস, রাব্বি কাজী, সুমন ওরফে পাখির পোলা সুমন, রানা এবং রাসেল ওরফে পিচ্চি রাসেল। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১২ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে প্রতিপক্ষের কয়েকজন মিলে ইমনকে কুপিয়ে আহত করে।
সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন তার মা ফেরদৌসী এ ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর এ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) আদালতে তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সাধন কুমার মন্ডল। ওইদিন আসামিদের কারাগারে পাঠিয়ে গতকাল বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন রাখেন আদালত।
গতকালের শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
আসামিদের পক্ষে শফিকুল ইসলাম (শফিক)সহ কয়েকজন রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের চার দিন করে রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য, এলেক্স ইমন গত ১২ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে বাসা থেকে বের হয়ে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে যান। সেখানে পূর্ব শত্রুতার জেরে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।