
বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম প্রতীক্ষিত আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ অনুষ্ঠিত হলো গত শুক্রবার, বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ২৭তম এই আসরটি হয়ে ওঠে এক প্রাণবন্ত ও বর্ণিল সন্ধ্যা, যেখানে শিল্পী, নির্মাতা এবং তারকাদের উপস্থিতিতে তৈরি হয় এক অনন্য উৎসবের আবহ। মেরিল যত্ন ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত একটি ব্র্যান্ড। প্রতি বছর জাতীয় দৈনিক ‘প্রথম আলো’-র সঙ্গে যৌথভাবে এই আয়োজনের মাধ্যমে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের কৃতী শিল্পীদের স্বীকৃতি জানিয়ে আসছে। ২০২৫ সালে নিজেদের কাজের মাধ্যমে ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি ক্রিটিক ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পান। দর্শকের ভোটে নির্বাচিত এবং জুরিদের মূল্যায়নে মনোনীত কৃতী শিল্পীদের হাতেই তুলে দেওয়া হয় এবারের পুরস্কার। অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ তার বক্তব্যে বলেন, ‘এই আয়োজন শুধু পুরস্কার প্রদান নয়, বরং আমাদের সংস্কৃতি ও সৃজনশীল মানুষদের সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ ভবিষ্যতেও শিল্প ও বিনোদন অঙ্গনের বিকাশে ভূমিকা রাখবে।’ সংবাদ বিজ্ঞপ্তি