ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধিদল গত রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম (Dual Degree), যৌথ গবেষণা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সহজতর করতে একটি নীতিমালা চূড়ান্তকরণসহ উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ বিষয়ে আলোচনা হয়।

এছাড়া আমেরিকায় অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস কনভেনশনে ইউজিসি প্রতিনিধিদলের অংশগ্রহণ, বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সনদ অনলাইনে যাচাই এবং যৌথ অর্থায়নে ফুলব্রাইট প্রোগ্রামের আওতায় অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়েও সভায় আলোচনা করা হয়। মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলে ছিলেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক কাউন্সিলর মনিকা সাই, আমেরিকান সেন্টারের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান এবং পাবলিক ডিপ্লোমেসি সেকশনের পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা। এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত