ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপিত

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপিত

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আয়োজনে সারাদেশে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। প্রতিবছর এপ্রিল মাসের শেষ গতকাল বুধবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে ১৯৯৬ সাল থেকে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশে ২০০৩ সাল থেকে এ দিবসটি উদযাপন করা হয়ে থাকে। এরই ধারাবাকিতায় এ বছরও এপ্রিল মাসের শেষ বুধবার সরকারিভাবে দিবসটি উদযাপন করা হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সারাদেশে ৬৪ জেলায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে ঢাকাসহ সারাদেশে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ঢাকায় দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। প্রতিমন্ত্রী বলেন, আমরা সাধারণত দৃশ্যমান জিনিসকে গুরুত্ব দিয়ে থাকি কিন্তু শব্দদূষণ যেহেতু অদৃশ্য কাজেই এটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না অথচ শব্দদূষণের যে প্রভাব কিংবা শব্দদূষণের যে স্বাস্থ্যগত ঝুঁকি তা মারাত্মক ক্ষতিকর। তিনি শব্দদূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, প্রত্যেকে নিজেরা যদি সচেতন হই তবেই শব্দদূষণ কমে আসবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত