
ঢাকার পুলিশ সুপার পদে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পেয়েছেন। তাঁর নাম শামীমা পারভীন। তিনি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ রকিবুল ইসলামের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার শামীমাসহ পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ছয়জন পুলিশ সুপার (এসপি) এবং ছয়জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী পুলিশ অধিদপ্তরের শামীমা পারভীনকে ঢাকা জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার, বাগেরহাটের এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের এসপি এবং ডিএমপির উপকমিশনার (পুলিশ সুপার পদমর্যাদার) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের এসপি হিসেবে বদলি করা হয়েছে।
আরেক পৃথক প্রজ্ঞাপনে সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মোকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায়, ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২-এর অধিনায়ক, ঢাকা এপিবিএন-১৩-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম কমিশনার, ডিএমপির উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।