ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা : গ্রেপ্তার চারজন ফের দুই দিনের রিমান্ডে

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা : গ্রেপ্তার চারজন ফের দুই দিনের রিমান্ডে

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার চার আসামিকে দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রিমান্ড পাওয়া আসামিরা হলেনথ ইমরান চৌধুরী (২৯), মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। প্রসিকিউশন পুলিশের এসআই আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তথ্যানুযায়ী, গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবির রমনা বিভাগের একটি দল তাদের আটক করে। পরে বুধবার ডিবি পুলিশের রমনা বিভাগের পরিদর্শক শেখ মোহাম্মদ আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন। পরদিন আদালত তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রথম দফার রিমান্ড শেষে রোববার আসামিদের আদালতে হাজির করে ফের সাতদিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের এসআই মতিউর রহমান মোল্লা। এসময় আসামিদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মায়েদ মাহমুদ রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন এবং রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, একই মামলায় গত শনিবার রবিউল ইসলাম ওরফে রাশেদ ওরফে সজীব নামে আরও এক আসামিকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত