ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ

পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ

বর্ষা মৌসুমে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ২ হাজার ৫০০ রেইনকোট বিতরণ করেছে।

গতকাল সোমবার সকালে গুলশান নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব রেইনকোট পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের অবদানের কথা তুলে ধরে বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় তারা ভোর থেকে নিরলসভাবে কাজ করেন। তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলেই নগরবাসী একটি পরিচ্ছন্ন পরিবেশে বসবাসের সুযোগ পান। তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে সরকার সবসময় সচেষ্ট। গত ঈদে প্রধানমন্ত্রী তাদের জন্য বিশেষ বোনাসের ব্যবস্থা করেছিলেন, যা তাদের কাজের প্রতি সম্মান প্রদর্শনেরই বহিঃপ্রকাশ।

প্রশাসক কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন, আর আমরা আপনাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করব। নগরবাসী আপনাদের কাজে সন্তুষ্ট হলেই আমাদের প্রচেষ্টা সফল হবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর হুমায়ুন কবীর। তিনি জানান, পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এর আগে তাদের মধ্যে শীতবস্ত্র, মাস্ক ও গামবুট বিতরণ করা হয়েছে। বর্ষা মৌসুমকে সামনে রেখে এবার রেইনকোট দেওয়া হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত