
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের সেমিনার উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ-বানৌজা ঢাকার মাল্টিপারপাস হলে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এছাড়া সেমিনারে সমুদ্রবিষয়ক বিভিন্ন সংস্থার সদস্যরা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফি বিষয়ে বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এবং গবেষণা সংস্থার ব্যক্তিরা সেমিনারে অংশগ্রহণ করেন। ‘সামুদ্রিক তথ্য আদান-প্রদানের ধারণায় আমূল পরিবর্তন’ (Transforming Hwo Ocean Data is Shared) এ প্রতিপাদ্য বিষয়ে এ বছর ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ পালিত হচ্ছে। প্রতিপাদ্য বিষয়টির মাধ্যমে সমুদ্র সংক্রান্ত তথ্যের আধুনিক, সমন্বিত ও কার্যকর ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফির গুরুত্বপূর্ণ ভূমিকা ফুটিয়ে তোলা হয়েছে। সমুদ্রে দেশি-বিদেশি জাহাজগুলোর নিরাপদ চলাচল, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার, ব্লু ইকোনোমির বিকাশ এবং সমুদ্রভিত্তিক পরিকল্পনা প্রণয়নে হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি