
সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় মিয়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জালসহ ছয় চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় গত শনিবার রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জালসহ ছয়জন চোরাচালানকারীকে আটক করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি