
‘নীরবে কাজ করছেন নাসির’ শিরোনামে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নজরে আসলে তার নির্দেশে মো. নাসির উদ্দিনের পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচারবিষয়ক কার্যক্রমসমূহ পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিনিধিদল ১৮ জুলাই সরেজমিন পরিদর্শন করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল মো. নাসির উদ্দিনসহ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। মো. নাসির উদ্দিন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের জলঢুপ পাতন গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর প্রবাসে ছিলেন। তিনি ২০১৪ সালে দেশে ফিরে এসে নিজ উদ্যোগে স্বেচ্ছায় পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করছেন। তিনি নিজ উদ্যোগে গ্রামের রাস্তাঘাট পরিষ্কার করা, নালা-নর্দমা, ড্রেন-ছড়া পরিষ্কার করা, রাস্তাঘাট হতে গবাদিপশুর মলসহ সকল ময়লা আর্বজনা পরিষ্কার করে থাকেন। নাগরিক দায়িত্ববোধ হতে তার পরিচালিত কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদান রাখছে এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের তা অনুপ্রেরণামূলক। মতবিনিময়কালে স্থানীয় এলাকাবাসী জানায়, তার এ কর্মকাণ্ড সমাজে তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে পরিবেশ উন্নয়ন কর্মকান্ডকে উৎসাহিত করবে। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিনিধিদল কর্তৃক পরিবেশ সুরক্ষায় নাসির উদ্দিনের অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান ও প্রত্যাশা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ হতে তাকে সৌজন্য উপহার প্রদান করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি