
ঢাকার শোয়ারি ঘাট ও পোস্তগোলা ব্রিজে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ। গতকাল শুক্রবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকার শোয়ারি ঘাট সংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক তিনটি ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এসময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরদিকে, ঢাকার পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যান চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি