
কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালঙ্কারসহ দুইজন চোরাচালানকারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে একটি স্বর্ণের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যা ৭টায় বিসিজি স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত প্রদান করলে, মোটরসাইকেলের আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল ধাওয়া করে মোটরসাইকেলসহ দইজনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লাখ টাকা মুল্যের ৩১ ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, সৌদি ১০ রিয়াল ও তিনটি সৌদি আরবের এটিএম কার্ড জব্দ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি