
মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মাদারীপুর জেলার শিবচরে এক বিশেষ আলোচনা সভা, দেয়ালিকা উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিবচর উপজেলার আল-বাইতুল মামুর ফাজিল মাদ্রাসায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুরাদ হোসেন। সফরকালে তিনি প্রতিষ্ঠানের প্রশাসনিক, একাডেমিক এবং আর্থিক সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের নিজ উদ্যোগে প্রকাশিত বর্ণিল দেয়ালিকার শুভ উন্মোচন করেন ও লাইব্রেরির কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুরাদ হোসেন বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা এবং সাধারণ ও ইসলামি শিক্ষার মধ্যে একটি কার্যকর সমন্বয় সাধন করা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি